গতবছর চীনে জন্ম নিয়েছে প্রায় ১ কোটি ৭৬ লাখ শিশু

আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১২:১৭
২০১৭ সালে চীনের বিভিন্ন হাসপাতালে মোট ১ কোটি ৭৫ লাখ ৮০ হাজার শিশু জন্মগ্রহণ করেছে। জাতীয় স্বাস্থ্য কমিশনের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।
 
কমিশনের বরাত দিয়ে খবরে বলা হয়, এসব নবজাতকের প্রায় ৫১ শতাংশ তাদের পরিবারের প্রথম সন্তান নয়।
 
চীনে বৃদ্ধ লোকের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ার কারণে বেইজিং ২০১৬ সাল থেকে বিবাহিত দম্পতিকে দ্বিতীয় সন্তান নেয়ার অনুমতি দেয়। আর এই অনুমতি দেয়ার মধ্য দিয়ে দেশটিতে দশকের পর দশক ধরে চলা এক সন্তান নীতির অবসান ঘটে।
 
এদিকে ২০১৭ সালে প্রতি লাখ শিশুর জন্ম দেয়ার ক্ষেত্রে মায়ের মৃত্যুর হার ১৯.৬ শতাংশ হ্রাস পেয়েছে। অপরদিকে প্রতি হাজার শিশুর জন্মে নবজাতকের মৃত্যুর হার ৬.৮ শতাংশ কমে গেছে।
 
২০১৭ সালে চীন দেশব্যাপী ১ কোটি ১৭ লাখ ৩০ হাজার নারীকে বিনামূল্যে গর্ভবতী পূর্ব স্বাস্থ্য পরীক্ষা করেছে। জন্মগত ত্রুটি হ্রাসের চেষ্টায় তারা এমনটা করে। বাসস।
 
ইত্তেফাক/ জেআর