মালদ্বীপের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কয়েক মাস ধরেই উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়ে আসছে ইউরোপিয়ান ইউনিয়ন(ইইউ)। অবশেষে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় দেশগুলোর জোটটি। সাউথ এশিয়ান মনিটরের এক খবরে বলা হয়েছে, সোমবার থেকে মালদ্বীপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ইইউ।
সাউথ এশিয়ান মনিটরের খবরে বলা হয়, মানবাধিকার লঙ্ঘন ও বিরোধী দলের উপর দমন অভিযান চালানের নিয়ে ব্রাসেলস ও মালের মধ্যে বিরোধে চলছে। মালদ্বীপে সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেছে ইইউ।
ইইউ’র এক কর্মকর্তা মনিটরকে বলেন, মালদ্বীপের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের বিষয়টি পররাষ্ট্র বিষয়ক পরিষদের এজেন্ডায় রয়েছে। এটা এখন আর আলোচনায় পর্যায়ে নেই। কোন বিতর্ক ছাড়াই এটি গ্রহণের পর্যায়ে রয়েছে।
সোমবার ব্রাসেলসে কাউন্সিলের বৈঠকের শুরুতেই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে কর্মকর্তাটি জানান।
কর্মকর্তা বলেন, নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হলে যাবতীয় তথ্যসহ বিষয়টি সবাইকে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
তবে নিষেধাজ্ঞাগুলো কি হতে পারে সে বিষয়ে কিছু জানাননি ওই কর্মকর্তা।
উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে নিষেধাজ্ঞার ব্যাপারে সতর্ক করে দিয়েছে ইইউ। সাউথ এশিয়ান মনিটর।
ইত্তেফাক/ জেআর
