আলমডাঙ্গায় পানি উন্নয়ন বোর্ডের খাল কেটে গরুর খামার তৈরি

আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৪:৫৩
আলমডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) একটি খালের পুরো পাড় কেটে গরুর খামার তৈরি করছেন তিন ব্যক্তি। খামার তৈরি করা হচ্ছে স্থানীয় একজন চেয়ারম্যানের নির্দেশে বলে জানা গেছে।
 
এ সম্পর্কে অবহিত করা হয় পানি উন্নয়ন বোর্ডের বৃহত্তর কুষ্টিয়ার উপসহকারী প্রকৌশলী সুবির কুমারকে। তিনি বলেন, ‘আলমডাঙ্গার এসও আলমগীর হোসেনকে কাজ বন্ধের কড়া নির্দেশনা দেয়া হয়েছে। প্রয়োজনে আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করার ব্যবস্থা নিব।’
 
এসও আলমগীর হোসেন জানান, সংবাদ পেয়ে গত শনিবার ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থাপনা বন্ধ করতে মৌখিকভাবে নির্দেশ দিয়ে আসা হয়েছে। রবিবার অফিসিয়ালি লিখিতভাবে নিষেধ করা হয়েছে। এরপরও যদি কাজ বন্ধ না করা হয় তাহলে পানি উন্নয়ন বোর্ড আইনানুযায়ী ব্যবস্থা নিবে।
 
আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের পাশ দিয়ে যাওয়া খালের পাড় কেটে গরুর খামার বানাচ্ছেন একই এলাকার বাহার আলীর ছেলে শফিকুল ইসলাম, একই গ্রামের খেদআলী সরদারের ছেলে বকুল ও আলমডাঙ্গা থানাপাড়ার মৃত চাঁ আলীর ছেলে অগ্রণী ব্যাংক থেকে অবসর নেয়া আবুল কাশেম।
 
আবুল কাশেম বলেন, ‘আমার সঙ্গে কথা বলে কোন লাভ হবে না। বেলগাছি ইউপির চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টুর সঙ্গে কথা বলেন। তার নির্দেশে আমরা গরুর খামার তৈরি করছি।’ এই প্রতিবেদক খামার তৈরির বিষয়টি জানতে চাইলে চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু বলেন, ‘খাল কেটে গরুর খামার করলে আপনার সমস্যা কি?’
 
ইত্তেফাক/আরকেজি