মেহেরপুরে অস্ত্র মামলায় ইউপি সদস্যের ১০ বছর কারাদণ্ডাদেশ

আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৫:৫৮
মেহেরপুরে একটি অস্ত্র মামলায় সাইদুর রহমান মিলন নামের এক ইউপি সদস্যর ১০ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। 
 
আজ সোমবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। 
 
দণ্ডপ্রাপ্ত সাইদুর রহমান মিলন গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি মটমুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য। 
 
মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১৭ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মটুমড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামের ১ নম্বর ওয়ার্ড সদস্য সাইদুর রহমান মিলনের বাড়িতে অভিযান চালান গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) বখতিয়ার খালেদ। ওই সময় বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধারসহ তাকে আটক করে থানায় নেয়া হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। 
 
মামলার প্রাথমিক তদন্ত শেষ করে উপ-পরিদর্শক (এসআই) আনিসুজজ্জামান আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। সাক্ষীদের সাক্ষ্য ও মামলার নথি পর্যালোচনা করে মাত্র ৭ মাসের মধ্যেই সোমবার আদালত তার বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন। 
 
মামলায় রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর এম এম রুস্তম আলী এবং আসামি পক্ষে শফিকুল আলম আইনজীবীর দায়িত্ব পালন করেন। 
 
ইত্তেফাক/কেকে