ধুনটে স্ত্রীর শরীর সিগারেটের ছ্যাঁকায় ঝলসে দিয়েছে স্বামী

আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৮:৫৩
বগুড়ার ধুনট উপজেলায় অন্য নারীর সঙ্গে মেলামেশায় বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্ত্রীর শরীর জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকায় ঝলসে দিয়েছে পাষণ্ড স্বামী। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের থেউকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 
 
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দিঘলকান্দি গ্রামের ছব্দের আলীর মেয়ে সোনাবান খাতুনের সঙ্গে প্রায় ২৫ বছর আগে একই এলাকার মীর বক্সের ছেলে আছের আলীর বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে ৩ সন্তানের জন্ম হয়েছে। বিয়ের পর থেকে সোনাবানের সুখের সংসারে কোন অশান্তি ছিল না। 
 
কিন্ত ২ বছর ধরে সোনাবানের সুখের সংসারে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশী স্বামী পরিত্যক্তা এক নারী। পাশাপাশি বাড়ি হওয়ার সুবাদে ওই নারীর সঙ্গে আছের আলীর যোগাযোগ বৃদ্ধি করে। এ বিষয়টি জানাজানি হওয়ায় স্বামীকে বাধা দেয় সোনাবান। এতে ক্ষুব্ধ হয়ে প্রায় ২ মাস আগে সোনাবানকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় স্বামী। 
 
পরবর্তীতে স্থানীয়ভাবে বৈঠক করে সমঝোতার মাধ্যমে ৫দিন আগে স্বামীর বাড়িতে যায় সোনাবান। এসে দেখে তার স্বামীর স্বভাব পরিবর্তন হয়নি। এ বিষয় নিয়ে নতুন করে দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি হয়। 
 
এ ঘটনা নিয়ে সোমবার সকালের দিকে সোনাবানকে পেটানোর এক পর্যায়ে হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে জ্বলন্ত সিগারেটের আগুনে ছ্যাকা দিয়েছে স্বামী। আহত সোনাবানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্বজনরা। 
 
এ বিষয়ে সোনাবানের স্বামী আছের আলী বলেন, অবাধ্য স্ত্রী সোনাবানকে দুই একটি চড়-থাপ্পড় মেরে হালকাভাবে শাসন করেছি। এতে ক্ষুব্ধ হয়ে সে আমার বিরুদ্ধে অন্য নারীর সঙ্গে মেলামেশার অপবাদ দিয়ে থানায় মিথ্যা অভিযোগ করেছে। এ কারনে তাকে আমি তার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তার শরীরে সিগারেটের ছ্যাকা দেওয়ার ঘটনা মিথ্যা। 
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ নুরুল ইসলাম বলেন, সোনাবানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও হাতে আগুনের ছ্যাঁকায় ঝলসানোর ক্ষত চিহ্ন আছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীনুর রহমান বলেন, প্রায় ২ মাস আগে সোনাবান তার স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও পরকীয়া প্রেমের লিখিত অভিযোগ দিয়েছিল। সেই অভিযোগটি তদন্তাধীন। এরইমধ্যে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করা হয়েছিল। তবে নতুন করে সোনাবানকে নির্যাতন ও শরীরে সিগারেটের ছ্যাকা দেওয়ার বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/নূহু