জাসদ আয়োজিত জনসভা বর্জনের আহ্বান ফয়জুর রহমানের

আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৮:৫৭
আগামী ২৬ জুলাই মহাজোটের অন্তর্ভূক্ত জাসদ আয়োজিত 'রাজনৈতিক জনসভা' বর্জনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল। জনসভায় মহাজোটের অংশীদার জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর 'প্রধান অতিথি' হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
 
তবে ওই জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে নবীনগরের বিভিন্ন স্থানে লাগানো শতশত পোস্টারে "নবীনগরের সাধারণ মানুষের মান-সম্মান, মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হোন" এমন লেখার প্রতিবাদ জানাতে গিয়ে ফয়জুর রহমান ওই জনসভা বর্জনের এ উদাত্ত আহ্বান জানান।
 
আজ সোমবার দুপুরে স্থানীয় ডাক বাংলোর ভিআইপি কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংসদ এ আহ্বান জানান।
 
ফয়জুর রহমান বাদল ক্ষোভের সঙ্গে বলেন, গত সাড়ে চার বছরে আমার কোন্ কর্মকাণ্ডে নবীনগরের সাধারণ মানুষের মান সম্মান মর্যাদা বিনষ্ট হয়েছে। সেটি আমি বিনয়ের সঙ্গে জনসভার উদ্যোক্তাদের কাছে জানতে চাই। 
 
তিনি বলেন, আমরা চেয়েছিলাম, মহাজোটের তথ্যমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্থানীয় আওয়ামী লীগের সব স্তরের নেতাকর্মীরা বরণ করে নেবেন। কিন্তু জাসদের ওই পোস্টারে এসব উস্কানীমূলক লেখার কারণে স্থানীয় আওয়ামী লীগ আজ  সোমবার বিশেষ জরুরি সভা ডেকে আগামী ২৬ জুলাইয়ের ওই জনসভা বর্জনের সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।
 
বাদল আরো বলেন, আজকের বিশেষ বর্ধিত সভায় আরো সিদ্ধান্ত হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামী লীগের বাইরে মহাজোটের অন্য কোনো প্রার্থীকে মেনে নেয়া হবে না।
 
এ বিষয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিনয়ের সঙ্গে জানানো হবে। নবীনগর আওয়ামী লীগ মনে করে, প্রধানমন্ত্রী নবীনগরের ত্ণৃমূল আওয়ামী লীগের মনের আকুতি সদাশয় হয়ে এই (নবীনগর) আসনে আওয়ামী লীগ থেকেই প্রার্থী দেয়া হবে।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই সাংসদ সুস্পষ্টভাবে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমাকে এবারও মনোনয়ন দেয়া হলে, আমি নির্বাচন করবোই। বিগত সাড়ে চার বছরের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষাকল্পেই আমি নির্বাচন করবো।
 
সাংবাদ সম্মেলনে  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিমসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কেকে