সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাস উল্টে অন্তত দশজন বাস যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়েকের তাজপুর এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সম্মুখে এই দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- খালেদা বেগম (৬০), মুজিবুর রহমান (৫৫), নজরুল ইসলাম (৩৫), মেহেদি হাসান (২২), আবুল মালেক (১০)। তাৎক্ষণিক অন্যান্য আহতদের নাম ঠিকানা জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদেরকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাজপুর ডিগ্রি কলেজ এলাকায় ওই বাসটির চাপায় ঘটনাস্থলেই এক পাগল মারা যান। পাগলকে চাপা দিয়ে দ্রুত বেগে ঘটনাস্থল ত্যাগ করার সময় বাসটি কিছু দূর এগিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
বালাগঞ্জ (তাজপুর) ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ ফজলুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন- ঢাকা থেকে ছেড়ে বাসটি চলন্ত অবস্থায় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দশজন যাত্রী আহত হয়েছেন। তবে বাসের চাপায় পাগল মারা যাওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।
ইত্তেফাক/কেকে
