ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মায় পানি বেড়েছে

আপডেট : ১৬ জুলাই ২০১৮, ২০:৫২
দেশের সব নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বয়ে যাচ্ছে। একইসঙ্গে সিলেট অঞ্চলে বয়ে যাওয়া দুই বড় নদী সুরমা ও কুশিয়ারায় পানির স্তর কমছে। তবে সোমবার শ্রাবণের প্রথম দিনে ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা এবং পদ্মার পানি বেড়েছে। আজ মঙ্গলবারও এ ধারা অব্যাহত থাকবে। 
 
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, সোমবার আপার মেঘনা অববাহিকার মনু ও ধোলাই নদীর পানি সমতল বাড়ে। আজ এ নদীর সঙ্গে সংযোগ থাকা সকল প্রধান নদীর পানি স্থিতিশীল থাকবে। 
 
এ দিকে গত রবিবার সকাল থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত বাংলাদেশ সংলগ্ন ভারতের চেরাপুঞ্জি ও ধুবরিতে যথাক্রমে ৫৯ এবং ১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আগের দিন চেরাপুঞ্জিতে ৬২ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। বাংলাদেশে সোমবার শ্রাবণের প্রথম দিনে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় টেকনাফে ৪৬ মিলিমিটার। এর আগের দিন রবিবার সবচেয়ে বেশী বৃষ্টি হয় কিশোরগঞ্জের নিকলিতে, ৫৯ মিলিমিটার। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৬ দশমিক ৫ এবং সর্বনিম্ন ছিল ফেনীতে এবং চট্টগ্রামের সন্দ্বীপে ২৫ ডিগ্রি সেলসিয়াস। 
 
আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 
 
ইত্তেফাক/এমআই