ফখর জামানের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল পাকিস্তান

আপডেট : ১৬ জুলাই ২০১৮, ২৩:২০
দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান। টানা দ্বিতীয় জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে তারা। প্রথম ওয়ানডেতে ২০১ রানে জিতেছিল সফরকারীরা।
 
সোমবার বুলাওয়েতে আগে ব্যাট করে জিম্বাবুয়ে মাত্র ১৯৪ রানে গুটিয়ে যায়। জবাবে ফখর জামানের সেঞ্চুরিতে ৯ উইকেটে জয় পায় পাকিস্তান। পাকিস্তানের বাঁহাতি এই ওপেনার ১২৯ বলে ১১৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
 
তার সঙ্গে ওপেনিংয়ে ১১৯ রানের জুটি গড়েন ইমাম-উল-হক। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি পাওয়া ইমামুল দ্বিতীয় ওয়ানডেতে করেন ৪৪ রান। তার ইনিংসটি কাটা পড়ে রান আউটে।
 
বুলাওয়েতে ব্যাটিংয়ে নেমে ১৮ রান তুলতেই ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। তৃতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন হ্যামিলটন মাসাকাদজা ও তারিসাই মুসাকান্দা। এরপর ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাথা তুলতে পারেননি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৫৯ রান করেন হ্যামিলটন মাসাকাদজা। ৫০ রান আসে পিটার মুরের ব্যাট থেকে।
 
বল হাতে পাকিস্তানের সেরা বোলার উসমান খান। ৩৬ রানে ৪ উইকেট নেন তিনি। আগামী বুধবার সিরিজের তৃতীয় ওয়ানডে একই মাঠে অনুষ্ঠিত হবে।
 
ইত্তেফাক/ইউবি