টাঙ্গাইলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১০:৪০
টাঙ্গাইলে কুমুদিনী কলেজ মোড়ে একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন পুলিশ সদস্যসহ চারজন।
 
আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে টাঙ্গাইল শহরের কুমুদিনী কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
 
টাঙ্গাইল সদর মডেল থানার ওসি সায়েদুর রহমান এবং ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, রাজশাহী থেকে একটি অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার করে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফেরার পথে মাইক্রোবাসটি টাঙ্গাইল শহরের কুমুদিনী কলেজ মোড়ে পৌঁছলে হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিষ্ফোরণ ঘটে। মুহূর্তেই গাড়িটিতে আগুন ধরে যায়। এ সময় গাড়িতে থাকা নারায়ণগঞ্জের সোনারগাঁও চৌধুরীবাড়ী এলাকার অপহৃত স্কুলছাত্রী জান্নাতুল ফেরদৌস বন্যা (১৯), তার খালাতো ভাই ফারুক (৪২) ও মামা সিরাজুল ইসলাম (৫৫) আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
 
এ ঘটনায় আহতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার এসআই তানভীর হোসেন (৩৩), এএসআই মোহাম্মদ হাবিব (৩০), পুলিশ কনস্টেবল আজাহার আলী (৪৫) ও মাইক্রোবাসের চালক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া এলাকার আকতার (৩৫)। মাইক্রোবাসটিতে চালকসহ মোট সাতজন আরোহী ছিলেন। 
 
ইত্তেফাক/কেকে