গাংনীতে মুক্তিযোদ্ধার ঘরে আগুন

আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১০:২০
গাংনী পৌরসভার চৌগাছা গ্রামে প্রতিপক্ষের দেয়া আগুনে বীর মুক্তিযোদ্ধার ঘর পুড়ে গেছে বলে অভিযোগ উঠেছে।চৌগাছা বড় মসজিদ পাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আবুবকরের টিনের ছাউনি দেয়া ঘরে সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। 
 
খবর পেয়ে গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। পরে অভিযুক্তদের বাড়িতে পুলিশ টিম গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। 
 
মুক্তিযোদ্ধা আবু বকর বলেন, আমরা রাতে শুয়ে পড়ি। হঠাৎ প্রতিবেশীদের হৈ চৈ ও আগুনে পুড়ার গন্ধ পেয়ে ঘুম ভেঙ্গে যায়। উঠে দেখি নিমেষেই আমার টিনের বেড়া ও ছাউনি দেয়া ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। 
 
মুক্তিযোদ্ধা আরো জানান, আমার নিকটাত্মীয় ভাগ্নে বুদু ও তহমিনাসহ আরো অনেকে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘরে আগুন দিয়েছে বলে ধারণা করছি।     
 
আজ মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা আবুবকর গাংনী থানায় অভিযুক্তদের নামে ঘর পুড়িয়ে দেয়ার মামলার প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। 
 
ইত্তেফাক/কেকে