রেকর্ডসংখ্যক ইইউ নাগরিক গত বছর যুক্তরাজ্য ছেড়েছে

আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১০:৪৯
রেকর্ডসংখ্যক ইইউ নাগরিক ২০১৭ সালে যুক্তরাজ্য ছেড়েছে। এ পরিসংখ্যান এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ। দেশটির জাতীয় পরিসংখ্যান অধিদপ্তরের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। খবর বিবিসির।
 
ওই প্রতিবেদন সূত্রে জানা যায়, এক লাখ ৩৯ হাজার ইইউ নাগরিক ২০১৭ সালে যুক্তরাজ্য ত্যাগ করেছে। এছাড়া শুধু ২০০৮ সালে যুক্তরাজ্য ত্যাগ করেছিল এক লাখ ৩৪ হাজার ইইউ নাগরিক।
 
তবে দীর্ঘ মেয়াদে গত বছর ইইউ থেকে যুক্তরাজ্যে এসেছে এক লাখ এক হাজার অভিবাসী মানুষ। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন বলে অনুমান করা হচ্ছে। বেক্সিটের পর প্রথম পূর্ণ ক্যালেন্ডার বছর ধরে দেশটির পরিসংখ্যান অফিস এ ডেটা প্রস্তুত করেছে। 
 
এদিকে যুক্তরাজ্যে অন্তত ১২ মাস থাকা ইইউ বাইরের দেশগুলো থেকে আসা অভিবাসী মানুষের সংখ্যা হলো দুই লাখ ২৭ হাজার। ২০১১ সালের সেপ্টেম্বরে এ সংখ্যাটি ছিল সর্বোচ্চ। তবে যুক্তরাজ্য সরকারের লক্ষ্য হলো, সামগ্রিকভাবে দেশটিতে ইইউসহ অন্য দেশের অভিবাসী কমিয়ে আনা।
 
জাতীয় পরিসংখ্যান অধিদপ্তর বলছে, যারা ‘কাজের সন্ধানে’ ইইউ থেকে যুক্তরাজ্যে এসেছিল, গত বছর থেকে সেই সংখ্যা কমতে শুরু করেছে। আর নির্দিষ্ট চাকরির প্রত্যাশায় আসার সংখ্যা স্থিতিশীল রয়েছে।
 
ইত্তেফাক/ জেআর