রাসিক নির্বাচনে ১৩ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

আপডেট : ১৮ জুলাই ২০১৮, ০০:৩৪
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আচারণবিধি লংঘনের অভিযোগে জেলা প্রশাসন পরিচালিত সাতটি পৃথক ভ্রাম্যমাণ আদালত ১৩ কাউন্সিলর প্রার্থীকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন। প্রার্থীরা জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে ছাড়া পান।
 
সংশ্লিষ্ট সূত্র মতে, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নগরীর ১১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলামের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৫০০ টাকা জরিমানা করেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা সুলতানা বুশরার নেতৃত্বে আদালত ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশরাফুল আলম বাচ্চুকে ১ হাজার টাকা, ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের নেতৃত্বে আদালত ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মশিউল হক মুন্নাকে ১ হাজার টাকা, ম্যাজিস্ট্রেট তাসনীম জাহানের নেতৃত্বে রানা খান ও নুরুল হুদাকে ১ হাজার টাকা করে জরিমানা, ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ২৭নং ওয়ার্ডের তিন কাউন্সিলর প্রার্থী শফিউর রহমান শফি, নুরুল হুদা ও মনিরুজ্জামানকে ১ হাজার করে মোট ৩ হাজার টাকা জরিমানা করেন।
 
এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিরুল ইসলামের নেতৃত্বে সংরক্ষিত ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইদা পারভীনকে ৫০০ টাকা ও শামসুন্নাহারকে ১ হাজার টাকা ও একই আদালত ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল মোমিনকে ১ হাজার টাকা ও ১৪নং ওয়ার্ডের মুরাদ আলীকে ৫০০ টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আরমান আলীকে ১ হাজার টাকা জরিমানা করেন।
 
ইত্তেফাক/আরকেজি