আসন্ন সিলেট সিটি নির্বাচনে সাত মেয়র প্রার্থী, শতাধিক কাউন্সিলর ও সংরক্ষিত আসনের প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রচার-প্রচারণা চালাতে নগরীতে আসছেন কেন্দ্র ও সিলেট বিভাগের জ্যেষ্ঠ রাজনীতিকরা। এতে নগরীতে সৃষ্টি হয় নির্বাচনী আমেজ। পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে অনেকেই আবার বিদেশ থেকেও ছুটে এসেছেন। তারা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নৌকা বা ধানের শীষ প্রতীক নিয়ে ঘুরছেন।
প্রতীক বরাদ্দের আগেই নিজ দলের প্রার্থীকে জয়ী করতে বিশাল কর্মীবাহিনী নিয়ে মাঠে নামেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুব-উল আলম হানিফ। এরপর মাঠে নামেন সিলেট বিভাগের দলীয় নয়জন মেয়র। অন্যদিকে মাঠে নামেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. জীবন, সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া, কলিম উদ্দিন মিলনসহ অনেক নেতা। জয়ের ব্যাপারে দুই প্রার্থীর সমর্থক, কর্মী ও অনুসারীরা আশাবাদী।
একপক্ষ বলছে নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষ পাস। অপরপক্ষ বলছে, মানুষ নৌকায় ভোট দিতে উন্মুখ, স্বাধীনতার প্রতীক নৌকা।
আরো চারজন প্রার্থী থাকলেও বাস্তবিক অর্থে সিটি নির্বাচনে মেয়র পদে নৌকা আর ধানের শীষের মধ্যেই প্রতিযোগিতা হবে।
কামরানের গণসংযোগে স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সিলেটে এসে নগরীর বিভিন্ন স্থানে গিয়ে নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন। গণসংযোগে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সমপাদক আহমদ হোসেন। তার সঙ্গে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সমপাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সমপাদক আসাদ উদ্দিন আহমদ, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, ছমর উদ্দিন মানিক, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সমপাদক আজাদুর রহমান আজাদসহ যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা।
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে ভোট চাইছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী। গতকাল নগরীর ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা। সভায় ইনাম আহমদ চৌধুরী বলেন, সিলেটের মানুষ যেভাবে মেয়র আরিফুল হক চৌধুরীকে চায়, তেমনি সমস্ত বাংলাদেশের মানুষ আরিফুল হককে চায়। এবারও জনগণ সিলেটের উন্নয়নের জন্য তাকে নির্বাচিত করবে-এটা সুনিশ্চিত। এ সময় মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সহসভাপতি ডা. নাজমুল ইসলাম, নিহার রঞ্জন দাশ, ভারপ্রাপ্ত সাধারণ সমপাদক আজমল বক্ত সাদেক, জেলা বিএনপির উপদেষ্টা সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ডালিম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহবুবুল হক চৌধুরী বক্তব্য রাখেন।
