‘আর্থসামাজিক-পারিপার্শ্বিক অবস্থার কারণে শিশুরা মাদকাসক্ত হয়ে পড়ছে’

আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১২:০৫
‘‘শিশু পাচার বাংলাদেশের একটি উল্লেখযোগ্য ঘটনা। দেশের আর্থসামাজিক ও পারিপার্শ্বিক অবস্থার কারণে শিশুরা মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকাসক্তির ফলে তাদের চারিত্রিক, মানসিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে।’’ বুধবার রাজধানীর কাওরানবাজারস্থ ইত্তেফাক অফিস সম্মেলন কক্ষে আয়োজিত এক শিশু অধিকার বিষয়ক অনুষ্ঠানে বেসরকারি সংস্থা একশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (এএসডি) ডিএইচআর প্রজেক্টের প্রতিবেদনে এসব কথা বলা হয়।
 
অনুষ্ঠানে প্রকল্প ব্যবস্থাপক ইউকেএম ফারহানা সুলতানা বলেন, বর্তমানে বাংলাদেশে শিশু নির্যাতন একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শিশু নির্যাতন বন্ধে সরকারকে আরো উদ্যোগ নিতে হবে।
 
‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন: শিশু অধিকার প্রতিষ্ঠায় চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়’ শীর্ষক এই গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন। তার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি।
 
স্বাগত বক্তব্য রাখেন এএসডি’র নির্বাহী পরিচালক জামিল এইচ চৌধুরী। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য বেগম জেবুন্নেছা আফরোজ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পি, সিনিয়র সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য (জিইডি) ড. শামসুল আলম এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মোস্তান হোসেন।
 
 ইত্তেফাকের মহিলাঙ্গন বিভাগীয় সম্পাদক ও স্টাফ রিপোর্টার রাবেয়া বেবির সঞ্চালনায়, আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউকেএম ফারহানা সুলতানা। ফারহানা সুলতানা বলেন, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য অনুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ২০৩৩জন শিশু সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছে।
 
তিনি বলেন, নির্যাতন বন্ধে সরকারকে আরো উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের কাঠামোগত একটি দুর্বলতা হচ্ছে শিশুদের জন্য আলাদা কোন দায়িত্বশীল অধিদপ্তর না থাকা।
 
ইত্তেফাক/ জেআর