শার্শায় নসিমন চাপায় নিহত ১

আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৪:৫৩
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে মেয়েকে বাঁচাতে গিয়ে নসিমনের ধাক্কায় শম্পা খাতুন (২৫) নামের এক মা নিহত হয়েছেন। নিহত শম্পা খাতুন শার্শার বসতপুর পূর্বপাড়া গ্রামের আনারুল ইসলামের স্ত্রী। এসময় তার ছোট মেয়ে সেতু (৩) মারাত্মক আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায়  যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া খ্রিস্টান বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, শম্পা তার ছোট মেয়ে সেতুকে ডাক্তার দেখাতে বাগআঁচড়া বাজারের খ্রিস্টান বাড়ি মোড়ে দাঁড়িয়ে ছিলেন। সেতু অসাবধানতা বসত মেইন রাস্তার উপর চলে যায়। মা মেয়েকে বাঁচাতে গেলে এসময় সাতক্ষীরাগামী একটি নসিমনের ধাক্কায় তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে  নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
 
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মেয়েকে রাস্তার উপর থেকে ধরে আনতে গিয়ে নসিমনের ধাক্কায় শম্পার মৃত্যু হয়।  
 
ইত্তেফাক/কেকে