ফুলবাড়ীয়া সড়কে বৃষ্টি হলেই জমে হাঁটু পানি

আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৫:৪৭

সড়ক ও জনপদ বিভাগের ফুলবাড়ীয়া-ভালুকজান সড়ক। সড়কটির ভালুকজান বাজারে ২শ মিটার সড়কে বৃষ্টি হলেই জমে হাঁটু পানি। পানির নিচে সড়কে সৃষ্টি হয়ে থাকা বড় বড় গর্তের কারণে জনদুর্ভোগ চরমে। এ সড়কটির কয়েকটি বাজার অংশে একই অবস্থা বিরাজ করছে।

একই সড়কের দাপুনিয়া বাজারের ব্রিজের এপারে ৫শ মিটার, দেওখোলা বাজারে ৫শ মিটার, কসাইবাড়ি মোড়ে আরও ৫শ মিটার সড়ক দিয়ে এখন যানচলাচল অনুপযোগী।

জোরবাড়ীয়া প্রাথমিক স্কুল সংলগ্ন স্থানে ২ টি গর্ত মরণফাঁদে পরিণত হয়েছে। ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের সামনে সড়কে এখন আর কংক্রিট চোখে পড়ে না। বর্ষাকালে কাঁদাপানি শুকনা মৌসুমে ধূলাবালি।

ফুলবাড়ীয়া–ময়মনসিংহ সড়কের ২১ কিলোমটিার সড়কের প্রায় ৫ কিলোমিটার সড়ক মেরামত জরুরী হয়ে পড়েছে। বিশেষ করে ফুলবাড়ীয়া-ভালুকজান বাজার সড়ক অংশ দিয়ে দক্ষিণাঞ্চলের এনায়েতপুর, ভবানীপুর, আছিম পাটুলী, কালাদহ, বাকতা, রাঙামাটিয়া ও নাওগাঁও ইউনিয়নের প্রায় পৌনে ৫ লাখ মানুষ এই সড়ক দিয়ে উপজেলা সদর ও বিভাগীয় শহরে যাতায়াত করে থাকেন।

ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার জানান, প্রতিটি মাসিক সমন্বয় সভায় সড়কটি মেরামত করার জন্য সড়ক ও জনপদ বিভাগকে তাগিদ দেওয়া হয়। সড়কটি যানচলাচলে একেবারেই অনুপযোগী হয়ে পড়লে তারা লোকদেখানো কাজ করে। তারপর কাজ বন্ধ করে দেয়। তবে সড়ক ও জনপদ বিভাগকে সড়কটির বেহাল অবস্থা সম্পর্কে জানানো হয়েছে।

সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান বলেন, আমি ইউএনওর সঙ্গে গিয়ে সড়কটির বেহাল অবস্থা দেখেছি। সড়কে পানি জমে মূল সড়কের বেহালদশা হয়। তিনি আরও বলেন, সড়কটির বাজার অংশগুলোতে ঢালাই করে দেয়ার চিন্তাভাবনা চলছে। অচিরেই কাজ শুরু হবে।

ইত্তেফাক/নূহু