রংপুর নগরীতে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। বুধবার বেলা ১২ টার দিকে নগরীর টেক্সাইল মোড় এলাকায় চৌধুরী ক্লিনিকের পিছনের একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরীর আরকে রোড ইসলামপুর এলাকার চৌধুরী ক্লিনিকের পিছনের পুকুরে এক নবজাতক ছেলে শিশুর লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে তারা কোতয়ালী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। দু-এক দিন বয়সী শিশুটি কার তা এখনো জানতে পারেনি পুলিশ।
কোতয়ালী থানার এসআই ফখরুল ইসলাম ও এএসআই রহিম ইত্তেফাককে বলেন, শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। শিশুর মরদেহ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় আলামত পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য চৌধুরী ক্লিনিকের আয়া বিলকিস বেগমকে আটক করেছে পুলিশ।
ইত্তেফাক/নূহু
