৬ দিন পরেও খোঁজ মেলেনি তাহিরপুরের শিশু কন্যার

আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৮:২৯

অপহরনের ৬ দিন পরেও খোঁজ মেলেনি ১২ বছরের এক শিশু কন্যার। ঘটনাটি ঘটেছে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে ইউনুছপুর নয়াহাটি গ্রামে। গত ১৩ জুলাই রাতে তাকে অপহরণ করা হয়েছিল। ঘটনার প্রেক্ষিতে অপহৃতার পিতা ছাকির মিয়া বাদী হয়ে ১৪ জুলাই শনিবার তাহিরপুর থানায় একই গ্রামের মিলন মিয়াকে (২২) প্রধান আসামি করে ৬ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা যায়, গত ১৩ জুলাই শুক্রবার রাত ৮টায় অভিযুক্ত মিলন মিয়া তার আত্মীয় শাপলা বেগমের সহযোগিতায় ছাকির মিয়ার ১২ বছর বযসী শিশু কন্যাকে বসত ঘর থেকে বাইরে ডেকে নিয়ে যায়। সে সময় মিলন মিয়া তার সঙ্গীয়দের নিয়ে মেয়েটির মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক স্পিডবোটে তুলে নিয়ে যায়।

ঘটনার পর আশেপাশের এলাকায় অনেক খোঁজ করেও ওই শিশুর কোন খোঁজ না পেয়ে থানার আশ্রয় নেন তার বাবা। ঘটনার পর ৬ দিন অতিবাহিত হলেও থানা কোন সন্ধান দিতে পারেনি মেয়েটির।

ঘটনায় পর থেকে অভিযুক্ত মিলন মিয়ার ০১৭৬৬৫২৮৯৯৯ মোবাইল নাম্বারটি বন্ধ রয়েছে। একাধিকবার ফোন দিয়েও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর বলেন, বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ইত্তেফাক/নূহু