কুড়িগ্রামের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি উপজেলার সদর ইউনিয়নের প্রাণকৃষ্ণ গ্রামের মৃত মতিউল্ল্যার ছেলে আনছার আলী (৭০)।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, চারদিন আগে আনছার আলী মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে খড়িবাড়ী বাজারে যাচ্ছিলেন। পথে আমতলী বাজার নামক এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিক্সার সঙ্গে সংর্ঘষ হয়। এতে মারাত্মক আহত হন আনছার আলী। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার উন্নতি না হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গত চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মঙ্গলবার গভীর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
বুধবার দুপুরে নিহত আনছার আলীকে তার পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
এ ব্যাপারে ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
