সাইপ্রাসে নৌকাডুবিতে নিহত ১৯

আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১০:৩৪
সাইপ্রাসের উত্তরাঞ্চলীয় উপকূলে এক নৌকাডুবির ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন প্রায় ২৫ জন। তুর্কিশ উপকূলরক্ষীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা। 
 
খবরে বলা হয়, উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত এ ঘটনায় ১০৩ জনকে উদ্ধার করেছেন। উপকূলরক্ষীরা বুধবার দেওয়া এক বিবৃতিতে একথা জানান। তারা একটি ফুটেজ শেয়ার করেছেন। তাতে দেখা যায়, উদ্ধারকাজে একটি বিমান, হেলিকপ্টার ও চারটি নৌকা মোতায়েন করা হয়েছে।
 
সাইপ্রাসের উপকূলে নৌকাটি কখন ডুবেছে সে বিষয়ে এখনো কোন নির্দিষ্ট তথ্য জানা যায়নি। এমনকি নৌকাডুবির কারণ সম্বন্ধেও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এছাড়া, নৌকার আরোহীদের জাতীয়তাও নিশ্চিত করা সম্ভব হয়নি। 
 
উদ্ধারকৃতদের তুরস্কের মেরসিন শহরে নিয়ে যাওয়া হচ্ছে। এদের মধ্যে অন্তত একজনের অবস্থা গুরুত্বর। তাকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। 
 
২০১৫ সাল থেকে ইউরোপিয়ান ইউনিয়নে প্রবেশের জন্য অভিবাসন প্রত্যাশীদের দুর্গম যাত্রার শুরুর স্থান হিসেবে ব্যাপক হারে ব্যবহৃত হতে থাকে তুরস্ক। এসব অভিবাসন প্রত্যাশীদের অনেকেই মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সংঘর্ষ ও দারিদ্রতা থেকে বাঁচতে এই যাত্রা করে থাকে।  
 
ইত্তেফাক/ জেআর