শার্শা উপজেলায় জাতীয় মত্স্য সপ্তাহ উদযাপিত

আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৩:২৪
“স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগান দিয়ে বৃহস্পতিবার সকাল ১১টায় শার্শা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে। শার্শা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি শার্শা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র্যালি শেষে উপজেলা পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
 
পরে উপজেলা কমপ্লেক্সে অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পশু সম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিংহের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু। অনুষ্ঠানের শুরুতেই সুভেচ্ছা বক্তব্য রাখেন শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবুল হাসান।
 
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার মত্স্য চাষী মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সাধারণ সমপাদক নাসির উদ্দীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহিদুর রহমান, শার্শা থানার ওসি তদন্ত তাসমিম আহম্মেদ সহ উপজেলার ১১টি ইউনিয়নের মৎস্য চাষীরা।
 

ইত্তেফাক/এএম