যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে চারটি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি। এর মধ্যে ঝিনাইদহের একটি, খুলনার একটি, নড়াইল ও কুষ্টিয়ার একটি কলেজ রয়েছে। এই চার কলেজ থেকে ৩৫ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছিল।
যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, ঝিনাইদহের প্রগতি মডেল কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী এইচএসসিতে অংশ নিয়ে কেউ কৃতকার্য হতে পারেনি। পরীক্ষার্থীরা সবাই মানবিকের অনিয়মিত শিক্ষার্থী। তারা সবাই ইংরেজিতে ফেল করেছে।
আর খুলনার হাড্ডা পাবলিক কলেজ থেকে সাত শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই ফেল করেছে। একইভাবে নড়াইলের গোবরা মহিলা কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল আট ছাত্রী। তারাও কেউ পাস করতে পারেনি।
এছাড়া কুষ্টিয়ার পুড়াপাড়ার হাজী নুরুল ইসলাম কলেজ থেকে একজন পরীক্ষা দিলেও সে কৃতকার্য হতে পারেনি।
তবে গত বছর (২০১৭ সালে) শতভাগ ফেল করা মাগুরায় বীরেন শিকদার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মাগুরার দক্ষিণ নওয়াপাড়া সম্মিলনী কলেজ, ঝিনাইদহের ডিজিপিএল মডেল কলেজ ও মেহেরপুরের মরকা জাগরণ কলেজ এবার তাদের ব্যর্থতা কাটিয়ে উঠেছে।
ইত্তেফাক/নূহু
