উপজেলার বেলকা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী নিখোঁজের ২৬ দিন অতিবাহিত হলেও তাকে পুলিশ উদ্ধার করতে পারেনি।
জানা গেছে, উপজেলার পূর্ব শান্তিরাম গ্রামের আব্দুল জলিলের মেয়ে কুলছুম। গত ২৪ জুন সকালে বাড়ি থেকে কলেজ যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি সে।
এ ঘটনায় তার পিতা আব্দুল জলিল বাদী হয়ে গত ৮ জুলাই পার্শ্ববর্তী দক্ষিণ মরুয়াদহ গ্রামের ইদ্রিস আলীর ছেলে জাহাঙ্গীর মিয়াসহ ৫ জনকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলা দায়ের ২৬ দিন অতিবাহিত হলেও পুলিশ অপহৃতাকে উদ্ধার করতে না পারায় অভিভাবক মহল উৎকণ্ঠায় ভুগছেন।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান বলেন, বাদীর কাছে বিবাদীর মোবাইল নম্বর চেয়ে তা পা্ওয়া যায়নি। বিবাদীর মোবাইল নম্বর পেলে তা প্রযুক্তি ব্যবহার করে ট্রেস করার চেষ্টা করা যেত। এক্ষেত্রে বাদী সহযোগিতা না করায় আমরা কাজ করতে পারছি না।
অফিসার ইনচার্জের বক্তব্যের ব্যাপারে বাদী আব্দুল জলিলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সন্তান হারিয়েছি। আমরা কেন সহযোগিতা করবো না। বিবাদীর মোবাইল নম্বর না পেলে আমরা কি করবো! আমরা নয় বরং পুলিশ আমাদের সহযোগিতা করছে না।
ইত্তেফাক/নূহু
