কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে খোরশেদ আলম ওরফে কানা খোরশেদ (৪৮) নামে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন দাউদকান্দির হাসানপুর সরকারি কলেজের বিপরীতে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ জেলার দেবিদ্বার উপজেলার গংগানগর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, কুমিল্লা থেকে প্রাইভেটকার যোগে ঢাকায় মাদকের চালান যাচ্ছে গোপনসূত্রে এমন খবর পেয়ে দাউদকান্দি পুলিশের একটি দল দাউদকান্দির হাসানপুর কলেজের বিপরীতে রাস্তায় অবস্থান নিয়ে যানবাহনে তল্লাশি শুরু হকে। রাত দেড়টার দিকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী খোরশেদ আলমকে বহনকারী প্রাইভেটকার আটক করার সময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গুলি বিনিময়ের এক পর্যায়ে মাদক ব্যবসায়ী খোরশেদ গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কুমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি প্রাইভেট কার ও ৮০ কেজি গাঁজা এবং ২ রাউন্ড কার্তুজসহ একটি পাইপগান উদ্ধার করেছে। নিহতের বিরুদ্ধে কুমিল্লা, ঢাকা এবং নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ইত্তেফাক/মোস্তাফিজ
