পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার পক্ষে ভারত সরকার

আপডেট : ২০ জুলাই ২০১৮, ০৯:১৮
পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার পক্ষে সায় দিয়েছে ভারত সরকার। নতুন করে এ ব্যাপারে পশ্চিমবঙ্গ বিধানসভাকে একটি সংশোধনী প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। গত বুধবার পশ্চিমবঙ্গের পরিষদীয়মন্ত্রী পার্থ চ্যাটার্জি বলেন, আমাদের তরফে বাংলা, ইংরেজি, হিন্দিতে পশ্চিমবঙ্গের নাম বাংলা, বেঙ্গল ও বঙ্গাল করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
 
ভারত সরকার জানিয়েছে, তিনটি ক্ষেত্রেই ‘বাংলা’ নামটি ব্যবহার করতে হবে। এ জন্য আগের পাঠানো প্রস্তাবটি সংশোধনী করে পাঠাতে হবে।
 
আজ শুক্রবার শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন। চলবে ৩১ জুলাই পর্যন্ত। এই অধিবেশনে ‘বাংলা’ নামটি নিয়ে আলোচনা ও সংশোধনী হওয়ার সম্ভাবনা আছে।
 
 ২০১৬ সালের ২৯ আগস্ট পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশনে পশ্চিমবঙ্গের নাম বদল হয়ে বাংলায় ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দীতে ‘বঙ্গাল’ করার প্রস্তাবটি পাস হয়েছিল। সেই প্রস্তাবের বিরোধিতা করেছে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি।
 
বিরোধীদের অনেকেরই প্রস্তাব ছিল ‘বঙ্গ’ নামটির পক্ষে। সিপিএম চেয়েছিল শুধুই ‘বাংলা’ নামটি।
 
ইত্তেফাক/ জেআর