ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষে নারীসহ আট মাওবাদী নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে ছত্তিশগড়ের দক্ষিণ বাস্তারের জঙ্গলে এই সংঘর্ষ ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। খবর টাইমস অফ ইন্ডিয়া ও এনডিটিভির।
মাও বিরোধী অভিযানের ডিআইজি পি সুন্দর রাজ জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে দান্তেওয়ারা জঙ্গলে টহল দিচ্ছিলেন ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড ও স্পেশাল টাস্ক ফোর্সের জওয়ানরা। তখনই জঙ্গলঘেরা তিমিনার গ্রামের কাছে বাহিনীর ওপর হামলা চালায় মাওবাদীরা।
জবাবে যৌথ বাহিনী পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হয় আট মাওবাদী। নিহতদের মধ্যে চারজন নারী। দলের বাকিরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে পুলিশ ওই আট মাওবাদীর দেহ উদ্ধার করেছে। মিলেছে তাদের আগ্নেয়াস্ত্রও। এর মধ্যে দুটো ইনসাস অ্যাসাল্ট রাইফেল ছাড়াও রয়েছে দুটি .৩০৩ রাইফেল।
এছাড়াও আরও কিছু আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ইনসাস রাইফেল থেকে পুলিশের ধারণা, নিহত আট জনের মধ্যে অন্তত দু’জন মাওবাদীর এরিয়া কমান্ডার রয়েছে।
এদিকে, একইদিন রাজ্যের নারায়নপুর জেলা থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক সহ পাঁচ মাওবাদীকে গ্রেফতার করা হয় । তাদের কাছ থেকে তিনটি টিফিন বোম উদ্ধার হয়েছে। তাছাড়া মোট ১০০ মিটারের মতো ইলেকট্রিক তারও পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ইত্তেফাক/ জেআর
