পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২০ জুলাই ২০১৮, ১১:১১
 
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন আলী (৫২) নিহত হয়েছেন। নিহত ইয়াসিন আলীর বাড়ি জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হোলদিয়াপুকুরি গ্রামে। সে ওই গ্রামের ইমান আলীর ছেলে।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের হেলিপ্যাড নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ইয়াসিন মোটরসাইকেল যোগে তেঁতুলিয়া যাওয়ার পথে পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
 
পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ