নওগাঁয় সন্ত্রাসীর গলকাটা লাশ উদ্ধার

আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৪:৫১
নওগাঁর পত্মীতলা উপজেলায় আনোয়ার হোসেন (৩৪) নামে ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার শিহাড়া ইউনিয়নের আমন্ত খাড়ি (খাল) থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের দাবি আনোয়ার হোসেন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র মামলা ও ডাকাতির মামলা রয়েছে।
 
আনোয়ার হোসেন উপজেলার কৈত্তখণ্ড সরকার পাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।
 
ওসি মাজহারুল ইসলাম বলেন, আনোয়ার এলাকায় আনোয়ার ডাকাত নামে পরিচিত। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিত ভাবে ধারালে অস্ত্র দিয়ে গলকেটে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ও মাথার পেছনে আঘাতে চিহ্ন আছে।
 
স্থানীয়রা সকালে তার গলকাটা লাশ খালের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেন। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 
ওসি আরো বলেন, ১৯৯৫ সালে জেলার মহাদেবপুর উপজেলায় ডাকাতি ঘটনা ঘটে। সেই মামলায় আনোয়ার হোসেন আসামি ছিলেন। পত্মীতলা উপজেলার মধইল বাজারে অস্ত্রসহ তাকে আটক করা হয়। আর অস্ত্র মামলায় তার যাবজ্জীবন সাজা হয়। দীর্ঘ ১৫ বছর সাজা ভোগ করে ২০১৪ সালে বেরিয়ে আসেন।
 
ইত্তেফাক/আরকেজি