কেন্দুয়ায় যুবক খুন

আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৬:৪০
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গ্রামের মসজিদের পাশে থাকা পরিত্যক্ত জায়গা থেকে শুক্রবার সকালে জুয়েল মিয়া (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই যুবকের পেটের মাঝখানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত জুয়েল উপজেলার সান্দিকোণা ইউনিয়নের ডাউকি (উত্তরপাড়া) গ্রামের সাবিজ মিয়ার ছেলে।
 
ঘটনার খবর পেয়ে নেত্রকোনার সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) মাহমুদুল হাসান ও কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী শুক্রবার সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে নিহত জুয়েলের পিতা সাবিজ মিয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
অভিযোগের বিবরণে জানা গেছে, জুয়েল গত বৃহস্পতিবার রাতের খাওয়া-দাওয়া শেষে রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সে আর বাড়ি ফেরেনি। শুক্রবার ভোরে বাড়ির অদূরে গ্রামের মসজিদের পেছনে পরিত্যক্ত স্থানে জুয়েলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এদিকে একই গ্রামের খুর্শেদ মিয়ার ছেলে খাইরুল, সুনু ও আলমের সাথে পূর্ব থেকে জুয়েলের শত্রুতা চলে আসছিল। তাই খাইরুল, সুনু ও আলম মিয়াসহ আরো অজ্ঞাতনামা লোকদের সহায়তায় জুয়েলকে খুন করা হয়েছে বাদীর এমন সন্দেহের কথাও অভিযোগে উল্লেখ করা হয়।
 
কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, এ ঘটনায় নিহতের পিতা থানায় লিখিত অভিযোগ করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশি তত্পরতা চলছে।
 

ইত্তেফাক/এএম