নরসিংদীতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৯:৪৯
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিত্সার দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে নরসিংদী জেলা বিএনপি। শুক্রবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
 
শুক্রবার বিকেল সাড়ে তিনটা থেকেই নরসিংদীতে বৃষ্টি শুরু হয়। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত না কমলে বিএনপির নেতা কর্মীরা তা উপেক্ষা করেই বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মিছিলটি জেলা বিএনপির চিনিশপুরস্থ অস্থায়ী কার্যালয় হতে শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের জেলাখানা মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়।
 
বিক্ষোভ সমাবেশে খায়রুল কবির খোকন বলেন, ‘ আজ এদেশে গণতন্ত্র পদধূলিত হচ্ছে। যে দেশে একজন নাগরিক তার চিকিত্সা সেবা থেকে বঞ্চিত হয় সে দেশের সরকার প্রধানের মুখে গণতন্ত্রের কথা মানায় না। হামলা-মামলা দিয়ে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবেনা। আজ দেশের সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিএনপির প্রতিপক্ষ আওয়ামী লীগ নয় বরং পুলিশ। পুলিশ দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা কর্মীদের হামলা করে নির্যাতন চালাচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক।’
 
তিনি পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, আজ আপনারা যাদের ঈশারায় বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন ও হয়রানি করছেন তারা চিরদিন ক্ষমতায় থাকবে না। ভুলে যাবেন না ক্ষমতা চিরস্থায়ী নয়। আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের ভাই। আমরাও এদেশের নাগরিক। তা এই নির্যাতন বন্ধ করুন।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সহ সভাপতি রোকেয়া আহম্মেদ লাকী, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মহসীন হোসেন বিদ্যুত্, ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার শামস্ কেনেডিসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

ইত্তেফাক/এএম