দৌলতপুরে সন্ত্রাসীদের হামলায় আকিজ বিড়ি ফ্যাক্টরি বন্ধ

আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৫:৩৭
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকায় অবস্থিত আকিজ বিড়ি ফ্যাক্টরি সন্ত্রাসীদের হামলায় বন্ধ হয়ে গেছে। এসময় সন্ত্রাসীরা বিড়ি ও বিড়ি তৈরির উপকরণ লুট করে নিয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
ফ্যাক্টরি কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে হোসেনাবাদ আকিজ বিড়ি ফ্যাক্টরি সংলগ্ন এলাকার কায়মুদ্দিনের ছেলে শুকুর আলী ও ডাবুর ছেলে বিপ্লবের নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী ইট-পাটকেল নিক্ষেপ ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে কর্মরত শ্রমিকদের জোর করে বের করে দেয়। পরে ফ্যাক্টরি বন্ধ করে দেয়। একই সঙ্গে লক্ষাধিক টাকার বিড়ি ও বিড়ি তৈরির উপকরণ লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে পুলিশে খবর দেয়া হলে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। 
 
ফ্যাক্টরি ম্যানেজার ওয়াহিদুজ্জামান জানান, ঐ সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল।জাল ব্যান্ডরোল সাপ্লাই দেয়াসহ বিভিন্ন অবৈধ দাবি করে আসছিল। 
 
স্থানীয়রা জানান, ফ্যাক্টরি সংলগ্ন একটি বাগানে ঐ সন্ত্রাসীদের একটি মাদকের আস্তানা রয়েছে।   
 
এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।
 
ইত্তেফাক/কেকে