বলিউডের হার্টথ্রব রণবীর কাপুরের বৃহস্পতি এখন তু্ঙ্গে। তার মুক্তিপ্রাপ্ত ‘সঞ্জু’ সিনেমাটি বলিউডের বক্স অফিস কাপাচ্ছে। তার অভিনয়ও দারুণ প্রশংসিত হয় সব মহলে। ব্যক্তিগত জীবনেও সময়টা বেশ ভালোই কাটছিল তার। এরই মধ্যে খারাপ সংবাদ এসে হাজির। মামলার শিকার এই বলিউড তারকা। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন শীতল সুর্যবংশী নামের একজন নারী।
সিনেমা সংক্রান্ত কোনো ব্যাপার নয় বরং রণবীর কাপুরের বিরুদ্ধে বাসা ভাড়া সংক্রান্ত ব্যাপারে চুক্তিভঙ্গ ও ক্ষতিপূরণ চেয়ে তিনি মামলা করেছেন শীতল।
পুনের কল্যাণী নগরের এক আবাসনের সবচেয়ে উঁচু ভবনে রণবীর কাপুরের বিলাসবহুল একটি ফ্ল্যাট আছে। ফ্ল্যাটটি তিনি শীতলকে ভাড়া দিয়েছিলেন। চুক্তিপত্র অনুযায়ী যে সময়সীমা নির্ধারণ ছিল, তার আগেই রণবীরের পক্ষ থেকে শীতলকে ফ্ল্যাটটি খালি করার জন্য নোটিশ দেওয়া হয়। শীতলের অভিযোগ, ফ্ল্যাটটি খালি করাতে তাকে বাধ্য করা হয়।
তাই রণবীরের বিরুদ্ধে নির্ধারিত সময়ের আগে ফ্ল্যাটটি খালি করানোর অভিযোগ এনেছেন শীতল সুর্যবংশী। ‘রেন্টাল অ্যাগ্রিমেন্ট’ ভঙ্গের অভিযোগ করে বলিউডের জনপ্রিয় এই তারকার বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেন। আর শীতল তার জন্য ৫০ লাখ রুপির ক্ষতিপূরণ চেয়েছেন।
তবে রণবীর কাপুর কিংবা তার আইনজীবীদের পক্ষ থেকে এই মামলার ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইত্তেফাক/রেজা
