মিঠাপুকুরে ধানক্ষেত থেকে কিশোরের লাশ উদ্ধার

আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৮:২০
মিঠাপুকুরে একটি ধানক্ষেত থেকে শাহীন মিয়া (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
 
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বালারহাট ইউনিয়নের বুজরুক শেরপুর গ্রামের মোজাম্মেল হকের পুত্র শাহীন মিয়া শুক্রবার দুপুরে খাবার পর বাড়ি থেকে বাইরে যায়। এরপর সে আর ফিরে আসেনি। তার স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। শনিবার সকালে ধানক্ষেতে একটি অগভীর নলকূপের ভেতরে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে স্বজনেরা লাশটি শাহীন মিয়ার বলে শনাক্ত করে। তার বাবা মোজাম্মেল হক জানান, ছেলে কয়েকদিন থেকে অসংলগ্ন আচরণ করছে। 
 
মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক বলেন, নিহত শাহীন মানসিক ভারসাম্যহীন। সে আত্ম হত্যা করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তাই, তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই