সাভারে আরশাদ হত্যা মামলার আসামি নাজমুল গ্রেফতার

আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৮:২১
সাভারের কলমা গ্রামে আরশাদ হত্যার মূল পরিকল্পনাকারী নাজমুলকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই আলম শিকদার ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার সাভার থানার এসআই দিপংকর সাহা আসামি নাজমুলকে কলমা গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করে। 
 
জানা গেছে, সাভার সদর ইউনিয়নের উত্তর কলমা এলাকার হিরু শিকদারের সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল জিঞ্জিরা এলাকার সাইফুল ইসলাম ও নাজমুল ইসলামের। এরই সূত্র ধরে হিরু শিকদারের দুই ছেলে আলম শিকদার ও আরশাদ শিকদারকে গত ১৯ মে বাসা থেকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষ সাইফুল ও নাজমুলের লোকজন। এসময় পরিকল্পিতভাবে সন্ত্রাসী সাইফুল ইসলাম, আতিক, মিরাজসহ অন্যান্যরা দেশীয় অস্ত্র দিয়ে আলম ও এরশাদকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। একপর্যায়ে দুই ভাই মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা মৃতভেবে ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় স্থানীয়রা রাতেই আশঙ্কাজনক অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 
 
এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ মে ছোট ভাই আরশাদ শিকারের (৩২) মৃত্যু হয় এবং বড় ভাই আলম শিকদার (৩৪) দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হন।  
 
সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির জানান, সুনির্দিষ্ট অভিযোগ থাকায় নাজমুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে