শরণার্থী গ্রেপ্তার বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ

আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৯:১৫
আশ্রয় প্রার্থীদের গ্রেপ্তারের নীতি বদলানোর দাবিতে অস্ট্রেলিয়ার বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। শনিবার বিভিন্ন শহরের রাস্তা ছিল তাদের দখলে। এনডিটিভি।
বর্তমানে কেউ অস্ট্রেলিয়া প্রবেশের চেষ্টা করলে তাকে পাপুয়া নিউ গিনির মানুস অথবা প্রশান্ত মহাসাগরের নুরুয়া দ্বীপের কারাগারে পাঠায় দেশটির কর্তৃপক্ষ। এ নীতি সেখানে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে।
 
২০১৩ সালে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সঙ্গে চুক্তি করে অস্ট্রেলিয়ার সরকার। নীতিতে বলা হয়েছে, সাগর পথে আসা কাউকে অস্ট্রেলিয়ায় থাকতে দেয়া হবে না। শনিবার ছিল দিনটির পঞ্চম বার্ষিকী।
 
বিক্ষোভের আয়োজক রিফিউজি একশান কোয়ালিশন এর আহ্বায়ক ইয়ান রিনতুল বলেন, ‘এ নীতি পাল্টাতে হবে। নুরুয়া ও মানুস কারাগার বন্ধ করতে হবে।’
 
অনেকে ‘রিফিউজিদের মুক্ত করো’, ‘মানুস নুরুয়া বন্ধ করো’ লেখা প্ল্যাকার্ড বহন করছিলেন। সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে ম্যালবোর্ন, অ্যাডিলেইড, ব্রিসবেন, ক্যানবেরা ও পার্থ শহরে।
 
ইত্তেফাক/টিএস