যশোর-২ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ওপর ব্যাপক গুরুত্ব দিয়েছেন। পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রদান করা হবে। এই ল্যাবের মাধ্যমে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ব্যবহার শিখে আগামীর প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাবে। শেখ হাসিনার ভিশন টোয়েন্টি ওয়ান শতভাগ বাস্তবায়ন হবে।
আজ শনিবার যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল ইসলাম মনির বলেন, শেখ হাসিনার নেতৃত্বে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ, শিক্ষকদের বেতন দ্বিগুন বৃদ্ধি, মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূর, কওমী শিক্ষাকে স্বীকৃতি, আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, নারীদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগসহ শিক্ষা ক্ষেত্রে ব্যাপক কাজ করেছে।
তিনি বলেন, গত সাড়ে চার বছরে শুধুমাত্র ঝিকরগাছা উপজেলায় ৫শ কোটি টাকার উপরে কাজ হয়েছে। নির্বাচনের আগে আরো কয়েকশ কোটি টাকার কাজ হবে। এই উন্নয়নের ধারা আমাদের অব্যাহত রাখতে হবে। উন্নত রাষ্ট্র গঠনের জন্য আগামীতে আবারো শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে হবে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এসএস আহমেদ ফারুক শান্তির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এমপির সহধর্মীনি ফারদিনা রহমান এ্যানি, আমেরিকা প্রবাসী সুলতান আহমেদ, রঘুনাথনগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর বাবরজান বরণ, পানিসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কাদের, বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী, প্রধান শিক্ষক আব্দুল বারী, মকবুল হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা বেগম প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হাসানুল বাননা।
ইত্তেফাক/কেকে
