প্লেবয় মডেলকে তার সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে অর্থ দেওয়ার ঘটনায় কোন অপরাধ করেননি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তার সাবেক আইনজীবী মাইক্যাল কোহেন ওই মডেলকে অর্থ দেওয়া নিয়ে যে অডিও রেকর্ড করেছিলেন তা সম্ভবত বৈধ নয় বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
খবরে বলা হয়, সম্প্রতি ট্রাম্পকে ঘিরে নতুন এক কেলেঙ্কারি ফাঁস হয়েছে। মার্কিন গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এক প্লেবয় মডেলের সঙ্গে গোপন সম্পর্ক ছিল ট্রাম্পের। ২০১৬ সালে নির্বাচনের আগ দিয়ে ওই মডেলকে তার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখতে অর্থ পরিশোধের ব্যাপারে নিজের আইনজীবীর গোপনে সাক্ষাৎ করেছিলেন তিনি।
ট্রাম্পের সঙ্গে ওই সাক্ষাৎকার রেকর্ড করেছিলেন তার তৎকালীন আইনজীবী মাইক্যাল কোহেন। পরবর্তীতে কোহেনের বাসভবনে এফবিআইয়ের এক অভিযানে অডিওগুলোর টেপ উদ্ধার হয়। তা নিয়ে এখন যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক সমালোচনা চলছে। এক টুইটে ট্রাম্প ওই অডিও রেকর্ডটি সম্ভবত অবৈধ বলে মন্তব্য করেছেন। তবে কোহেনের এক আইনজীবী ট্রাম্পের এই বক্তব্যকে মিথ্যা বলে জানিয়েছেন।
ট্রাম্প টুইটে লিখেন, সরকারের পক্ষে একজন আইনজীবীর বাড়িতে অভিযান চালানো অচিন্তনীয়। এরকম ঘটনা বলতে গেলে, আগে কখনো শোনা যাইনি। আরো অচিন্তনীয় হচ্ছে একজন আইনজীবী তার মক্কেলকে রেকর্ড করবেন। এরকমটা কখনোই শোনা যায়নি ও সম্ভবত এটা অবৈধ। তবে ভাল খবর হচ্ছে, আপনাদের ভাল প্রেসিডেন্ট কোন অপরাধ করেনি।
প্রসঙ্গত, ট্রাম্পের আইনজীবী রুডি জিউলিয়ানি শুক্রবার রয়টার্সকে জানান, গত প্রেসিডেন্ট নির্বাচনের দুই মাস আগে, ২০১৬’র সেপ্টেম্বরে প্লেবয় মডেল কারেন ম্যাকডৌগালের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বিষয়ে এক বৈঠক করেছিলেন কোহেন ও ট্রাম্প। তাতে তারা ওই মডেলকে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখার জন্য অর্থ প্রদানের বিষয়ে কথা বলেন।
ইত্তেফাক/ জেআর
