বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, ‘স্বাধীনতার চেতনায় দেশকে এগিয়ে নিতে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ একদিনে আসেনি। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির বহু ত্যাগ ও সংগ্রামের ফসল।
আজ রবিবার সকালে রাজধানীর সরকারি কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ)’র উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান-২০১৮ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মির্জা আজম বলেন, ‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। যারা বাংলাদেশ জন্মের সঠিক ইতিহাস জানে না, তারা কখনও সফল মানুষ হতে পারবে না। দেশপ্রেম নেই বলে দেশে জঙ্গিবাদ সন্ত্রাস উৎপত্তি হচ্ছে।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানে, তারা কখনো সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে জড়িত হবে না। আর যে জাতি নিজস্ব ইতিহাস জানে না সে জাতি কখনো বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।
ইত্তেফাক/এমআই
