মঠবাড়িয়ায় তিন দিনব্যাপী ফলদবৃক্ষ মেলা শুরু

আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৬:৪৮
পিরোজপুরের মঠবাড়িয়ায় রবিবার সকালে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। 'অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা' এ শ্লোগানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আয়োজন করেন। 
 
মেলায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছসহ ১০টি স্টল রয়েছে। মেলা চলবে আগামী ২৪ জুলাই পর্যন্ত।
 
পরে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজিম-উল-হক, সাংবাদিক মিজানুর রহমান মিজু, ছাত্রলীগ নেতা মশিউর রহমান মর্তুজা, কৃষক ইসমাইল, হেনু মিয়া প্রমুখ। 
 
শেষে উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫টি করে ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
 
ইত্তেফাক/এমআই