শিমুল বিশ্বাসের মুক্তির দাবি এমাজ উদ্দিনসহ ৫ বিশিষ্ট ব্যক্তির

আপডেট : ২২ জুলাই ২০১৮, ২০:৫০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ৫ বুদ্ধিজীবী আজ রবিবার এক যুক্ত বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সুচিকিৎসা, হয়রানি বন্ধসহ অনতিবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন। 
 
বিবৃতিতে তারা বলেন, আমরা গভীর উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে বিভিন্ন হয়রানিমূলক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে দীর্ঘদিন ধরে কারাগারে আটক রাখা হয়েছে। তিনি জটিল ডায়াবেটিস ও চক্ষু রোগে ভুগছেন। কারাগারে তার ঠিকমত চিকিৎসা হচ্ছে না। বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হলে আদালত তার সুচিকিৎসার নির্দেশ দেন। কিন্তু কারা কর্তৃপক্ষ একবার মাত্র বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পরীক্ষা করার জন্য নিয়ে যায় এবং আবারও কারাগারে ফেরত নিয়ে যায়।এখনও তার যথাযথ চিকিৎসা শুরু করা হয় নাই। কারাগারে তাকে নির্জনে একা একা রাখা হয়েছে। আত্মীয়-স্বজনকে তার সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না। এ কারণে তিনি নানাবিধ মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। আমরা তার সুচিকিৎসা, হয়রানি বন্ধসহ অনতিবিলম্বে তার মুক্তির দাবি জানাচ্ছি।
 
বিবৃতিতে স্বাক্ষর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, শিক্ষাবিদ প্রফেসর ড. মাহবুব উল্লাহ, সাংবাদিক মাহফুজ উল্লাহ ও সাংবাদিক-সাহিত্যিক ড. রেজোয়ান সিদ্দিকি।
 
ইত্তেফাক/এমআই