বগুড়ার ধুনট উপজেলায় দুই মেয়ের ঝগড়া থামাতে গিয়ে ঘটনাস্থলে শতবর্ষী মায়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ নিহত বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য সোমবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের মৃত মোতরাজ কাবিরাজের স্ত্রী বুলি বেগমের (১০০) দুই মেয়ে মাজেদা খাতুন ও হাসিনা খাতুন।
বাবা-মার মৃত্যুর পর স্থাবর-অস্থাবর সম্পতির অংশীদার দুই মেয়ে। এদিকে বার্ধক্যজনিত কারনে প্রায় ৬ মাস ধরে বুলি বেগম অসুস্থ হয়ে পড়েছে। তাই মায়ের বাড়িতে অবস্থান নিয়ে মাকে দেখভাল করেন বড় মেয়ে মাজেদা খাতুন।
ইতিমধ্যে বুলি বেগম তার মেয়ে মাজেদাকে ১০ শতক এবং হাসিনাকে ২৫ শতক জমি লিখে দিয়েছেন। বর্তমানে বুলি বেগমের বসতভিটায় ২টি ঘর রয়েছে। সেই ঘরের ভাগ বাটোয়ারা নিয়ে মাজেদা ও হাসিনার মধ্যে রবিবার বিকেলের দিকে ঝগড়া বিবাদ শুরু হয়। এ সময় মেয়েদের ঝগড়া বিবাদ থামাতে গিয়ে বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে বুলি বেগম মারা যান।
এ ঘটনায় হাসিনা খাতুনের মেয়ে ছাবিনা ইয়াছমিন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। খবর পেয়ে থানা পুলিশ রোববার রাত ১১টার দিকে ঘটনাস্থল থেকে বুলি বেগমের মৃতদেহ উদ্ধার করে।
ধুনট থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে। নিহত বুলি বেগমের মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধার মৃত্যুর বিষয়টি গুরত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/নূহু
