লালাখাল সীমান্ত হতে কয়লা শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৭:৩২

সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল বাঘছড়া হতে এক কয়লা শ্রমিকের লাশ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ৷ নিহত ব্যক্তি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার রঘাপ্রতিপুর গ্রামের মোঃ আব্দুল হামিদের ছেলে মোঃ আবু বক্কর(৩২)৷ তার স্ত্রীসহ ৫  ও ৭ বছরের ২ মেয়ে রয়েছে৷

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, অবৈধভাবে ভারতের উখিয়াং থানার কেলেরিয়া কয়লা খনিতে দালালদের মাধ্যমে প্রবেশ করে দীর্ঘদিন হতে কায়লা শ্রমিকের কাজ করে আসছিল আবু বক্কর৷ গত ২২জুলাই হঠাৎ করে খনি ধসে তার মৃত্যু হয়৷ লাশ উদ্ধার করে শ্রমিকরা বাংলাদেশ সীমান্তের জৈন্তাপুর উপজেলার লালাখাল বাঘছড়া এলাকার ১৩০৩ নং আর্ন্তজাতিক পিলারের ৪শত গজ ভিতরে রেখে যায়। পরে স্বজনদের কাছে সংবাদ দেয়৷

সংবাদ পেয়ে স্বজনরা জৈন্তাপুর মডেল থানা এবং লালাখাল বিজিবি সহায়তায় সীমান্ত হতে লাশ উদ্ধার করে পুলিশ সুরতহাল রির্পোট তৈরী করে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে আসে৷

৪১ বিজিবির লালাখাল ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার খলিল জানান, নিহতের স্বজনরা বিষয়টি আমাদের অবহিত করলে আমরা জৈন্তাপুর থানা পুলিশকে নিয়ে ঘটনাস্থলে যাই এবং পরিত্যক্ত অবস্থায় লাশটি পাই৷ পরে তা উদ্ধার করে থানা পুলিশের হাতে তুলে দেই৷

জৈন্তাপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ জানান, নিহতের স্বজনদের সংবাদের ভিত্তিতে ৪১ বিজিবির সহায়তায় সীমান্ত হতে নিহত আবু বক্করের লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করে অধিকতর তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ এ বিষয়ে পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করবে৷

ইত্তেফাক/নূহু