বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তিন মেয়র প্রার্থীসহ পাঁচজনকে শোকজ নোটিশ দিয়েছেন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মুজিবুর রহমান।
শোকজ নোটিশ প্রাপ্তরা হলেন, বিএনপি’র মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ার, আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ওবাইদুর রহমান মাহাবুব, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা এবং বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত ১৮ জুলাই শের-ই বাংলা মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সঙ্গে মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরের দিন ১৯ জুলাই সরকারি প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে মেয়র প্রার্থীর পক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রচারণায় নির্বাচনী আচরণবিধি লক্সঘনের লিখিত অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমানের পক্ষে তার আইনজীবী। অভিযোগ পাওয়ার পর আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহাকে এবং বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া ধর্মের দোহাই দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ওবাইদুর রহমান মাহাবুবকে এবং আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করায় বিএনপি’র মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে শোকজ নোটিশ দেয়া হয়।
বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান কর্তৃক শনিবার রাতে প্রেরিত পৃথক ওই কারণ দর্শানো নোটিশের জবাব পরবর্তী তিন কার্য দিবসের মধ্যে দিতে বলা হয়েছে।
ইত্তেফাক/কেকে
