প্রেসিডেন্ট কিম জং-উন সরকারকে ক্ষমতাচ্যূত করতে কোন ধরনের চেষ্টা করবে না যুক্তরাষ্ট্র--পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির আগে ওয়াশিংটনের কাছ থেকে এমন নিশ্চয়তা চায় উত্তর কোরিয়া। খবর সিএনএনের।
কূটনীতিকরা বলছেন, উত্তর কোরিয়া চায় ১৯৫০ সালে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের করা অস্ত্রবিরতি চুক্তিটি স্থায়ী শান্তিচুক্তিতে রূপ পাক। তবে সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কিম জং-উন সরকারকে ক্ষমতায় রাখার নিশ্চয়তা না পেলে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা আর চালিয়ে যেতে চায় না পিয়ংইয়ং।
সিএনএন জানায়, বর্তমানে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ট্রাম্প প্রশাসনকে চাপ দিচ্ছে পিয়ংইয়ং। দেশটির কর্মকর্তারা বলছেন, পরমাণু বোমা পরীক্ষা স্থগিত করা, একটি পরমাণু ক্ষেত্র বন্ধ করা এবং মার্কিন সৈন্যদের দেহাবশেষ যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রক্রিয়া শুরুর মাধ্যমে তারা ‘অনেক কিছু’ করেছেন।
অন্যদিকে দীর্ঘমেয়াদী শান্তিচুক্তিতে যেতে সিনেটে দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি পেতে হবে ট্রাম্প প্রশাসনকে।
হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান, ট্রাম্প ব্যক্তিগত ভাবে উত্তর কোরিয়ার সাথে আলোচনায় থমকে যাওয়ার অসন্তোষ প্রকাশ করেছেন। যদিও সোমবার টুইটে ট্রাম্প বলেছেন, ‘আলোচনার অগ্রগতিতে তিনি খুশি। আমাদের কোন তাড়া নেই।’
IMG0
কয়েক দশকের বৈরিতার পর ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্পের সাথে বৈঠক করেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন। এতে কোরীয় দ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে একমত হন দুই নেতা।
ইত্তেফাক/টিএস
