অর্থনৈতিক উন্নয়নের সকল সূচকে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় : স্পিকার

আপডেট : ২৩ জুলাই ২০১৮, ২০:৪৩

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বর্তমান সরকার উন্নয়ন সুবিধা তৃণমূলে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই উন্নয়ন আজ দৃশ্যমান। এই উন্নয়ন সুবিধা সারাদেশের জনগণ ভোগ করছে। তিনি বলেন, আজ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সকল সূচকে বাংলাদেশের অবস্থান সুদৃঢ়।

তিনি সোমবার রংপুরের পীরগঞ্জের রসুলপুর মাহতাবিয়া দ্বিমুখী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ৪ নং কুমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত “মা সমাবেশে” প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

স্পিকার বলেন, সারাদেশে বর্তমান সরকার উন্নয়নের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ভৌত ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ ও নারীর উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। ফলশ্রুতিতে বেকারত্ব হ্রাস পেয়েছে এবং নারী শিক্ষার প্রসার ঘটেছে। নারীরা অর্থনীতিতে অসামান্য অবদান রাখছে।

তিনি বলেন, বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের কারণে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাস পেয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিধবা ভাতা পাচ্ছে প্রায় ১০লাখ নারী।

স্পিকার আরও বলেন, ইতিমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সমর্থন নিয়ে অর্থনৈতিক মুক্তির মাধ্যমে ২০৪১ সালের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন।

কুমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশফাক খাঁন চৌধুরী ফুয়াদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, উম্মে কুলসুম স্মৃতি এমপি, পীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মানু, রংপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ কে এম ছায়াদত হোসেন বকুল, পৌর মেয়র আবু সালেহ মো: তাজিমুল ইসলাম শামীমসহ রংপুর জেলা আওয়ামী লীগ এবং পীরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে জেলা পরিষদের নিজস্ব তহবিলের আওতায় “দুঃস্থ মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়নের বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে নারী ক্ষমতায়নে রোল মডেল। ক্ষেত্রমত সুযোগ তৈরি করে দিলে নারীরা কাংক্ষিত অবদান রাখতে পারে। উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব।

জেলা পরিষদের চেয়ারম্যান সাফিয়া খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা,  রংপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাজু বক্তব্য রাখেন।অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত ৯০ জন দুঃস্থ মহিলার মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়।

পরে স্পীকার বড় আলমপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেন।

ইত্তেফাক/নূহু