বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অপরাধ বিচারার্থে আমলে নেয়া এবং তা সংক্ষিপ্ত বিচারের জন্য ৯ জন বিচার বিভাগীয় (জুডিশিয়াল) হাকিম নিয়োগ দেয়া হয়েছে।
নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েব সাইটে প্রকাশিত তথ্যে জানা গেছে, ভোট গ্রহণের আগের দিন (২৯ জুলাই) থেকে ভোটের দিন ও পরের দুইদিনসহ মোট চারদিন অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারের জন্য বিচার বিভাগীয় হাকিমদের নিয়োগ দেয়া হয়েছে। গত ১৯ জুলাই তাদের নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
দায়িত্বপ্রাপ্ত বিচারবিভাগীয় হাকিমরা হলেন-নগরের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট মারুফ আহম্মেদ। ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের জন্য ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলাম। ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বরিশালের জুডিশিয়াল ম্যাজিস্টেট অনুতোষ চন্দ্র বালা। ১০,১১ ও ১২ নম্বর ওয়ার্ডের জন্য ঢাকার মেট্রেপলিটন ম্যাজিস্টেট সত্যব্রত শিকদার। ১৩,১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের জন্য বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্টেট মো. শামিম আহম্মেদ। ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে বরিশালের জুডিশিয়াল ম্যাজিস্টেট শাম্মী আকতার। ১৯,২০,২১ ও ২৮ নম্বর ওয়ার্ডের জন্য ভোলার চরফ্যাশন চৌকির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট মো. শিবলী নোমান খান। ২২, ২৩, ২৪ ও ২৯ নম্বর ওয়ার্ডের জন্য ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট এইচএম কবির হোসেন এবং ২৪, ২৫, ২৬ ও ৩০ নম্বর ওয়ার্ডে গোপালগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্টেট অমিত কুমার বিশ্বাস।
আজ সোমবার আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বর্ধিত এলাকার কাশিপুরের কলাডেমায় গণসংযোগ করেন। এছাড়াও বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার জাতীয় পার্টি জেপিসহ ১৪ দলের নেতা-কর্মীদের নিয়ে নগরীর নাজির মহল্লা এলাকায় পথসভা করেন। বিএনপি’র প্রার্থী নগরীর সদর রোড, বান্দরোড, আমতলার মোড় এলাকায় গণসংযোগ করেন। এসময় বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/কেকে
