নিয়োগ মনঃপুত না হওয়ায় শিক্ষককে মারধরের হুমকি ছাত্রলীগ নেতার (ভিডিও)

আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৪:৪৮
সম্প্রতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মো. হাফিজুর রহমান নামে একজনকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। কিন্তু নিয়োগ মনঃপুত হয়নি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা কেএম মাজিদুল হকের। আর এ কারণে ফেসবুক লাইভে এসে সেই শিক্ষককে মেরে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়ার হুমকি দিলেন ওই ছাত্রলীগ নেতা!
 
ফেসবুক লাইভে এক ভিডিও বার্তায় পবিপ্রবি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি কে এম মাজিদুল হক বলেন, ‘‘আমি ওকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করবো। ওকে যেখানে পাব সেখানে মারবো, যেখান পাব সেখানে পেটাবো।’’
 
এর আগে মাজিদুল হক ছাত্রলীগের অন্য এক নেতাকে সাথে নিয়ে ঐ শিক্ষককে তার ডিপার্টমেন্ট থেকে বের করে দিতে তার অফিসকক্ষে হানা দেয়। তবে তাকে সেখানে না পেয়ে গালাগাল করে চলে আসেন বলে নিশ্চিত করেছেন মত্স্য বিজ্ঞান অনুষদের একাধীক শিক্ষক ও কর্মকর্তা।
 
হয়রানির শিকার শিক্ষক হাফিজুর রহমান এ বিষয়ে বলেন, কোনো কারণ ছাড়াই আমি হয়রানির শিকার হচ্ছি। এছাড়া ক্যাম্পাসে নিরাপত্তাহীনতাও অনুভব করছি।
 
শিক্ষককে প্রকাশ্যে মারধরের হুমকি দেয়ার বিষয়ে যোগাযোগ করা হলে মাজিদুল হক বলেন, শিক্ষক হাফিজ জামায়াত-শিবির। আমরা প্রশাসনকে জানানোর পরেও তার চাকরি হয়েছে। তাই তাকে মারধরের হুমকি দিয়েছি।
 
তবে মাজিদুলের এই কর্মকাণ্ডের দায় নিতে নারাজ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দ। পবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, তিনি যখন ছাত্রলীগের পদ পেয়েছেন তখন ছাত্রদলের সাথে যুক্ত থাকার তথ্য আমার কাছে ছিল না। বিষয়টি আমি পরে জানতে পেরেছি।
ছাত্রদল থেকে ছাত্রলীগে মাজিদ
 
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা মাজিদ পবিপ্রবি ছাত্রদলের সাবেক নেতা। ছাত্রদলের বিভিন্ন মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেয়ার একাধিক স্থিরচিত্র এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। এছাড়া সাম্প্রতিক সময়ে সংঘটিত কোটা সংস্কার আন্দোলনেরও অন্যতম মুখপাত্র ছিলেন তিনি। এ সময় এই ছাত্রলীগ নেতা বর্তমান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে রাজাকার আখ্যা দিয়ে একাধীকবার ফেসবুকে স্ট্যাটাস দেন। এছাড়া বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে তিনি ক্রমাগত ইন্ধন দিচ্ছেন বলেও তথ্য পাওয়া গেছে সরকার নিয়ন্ত্রিত একটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে।
 
 

ইত্তেফাক/এএম