শিবগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের মোহাম্মদপুর (ত্রিমোহনী এলকার) একটি হাফিজিয়া মাদ্রাসার পেছনে। নিহত ব্যক্তি হলো গোলাপুর শিকারপুর ধুমা পুকুর গ্রামের মৃত নওসাদ আলির ছেলে ফারুক হোসেন (৫০)।
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত দেড়টার দিকে অধিনায়কের নেতৃত্বে র্যাবের একটি দল উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী এলাকার মোহাম্মদপুর গ্রামে একটি হাফিজিয়া মাদ্রাসার পেছনে অভিযান পরিচালনার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ডাকাত দল পিছু হঠে। এ সময় ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা একটি পিস্তুল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, দুটি হাসুয়া, একটি রড, রশি, টর্চলাইট, সিগারেট, মোবাইল উদ্ধার করে।
ডাকাত ফারুক হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ কমপ্লেক্সে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার এস আই জুলহাস জানান, নিহত ব্যক্তির লাশ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
