রাজশাহী মহানগরীতে ভারতীয় ছাত্রীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গত ২০ জুলাই বোয়ালিয়া জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) একরামুল হকের নেতৃত্বে ওই তিন ছিনতাইকারীকে আটকের পর রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় ছাত্রীর ছিনতাই হওয়া ব্যাগ ও ব্যাগে থাকা ২ হাজার ৭০০ রুপি উদ্ধার করা হয়।
আটকরা হলো, বোয়ালিয়া থানার কয়েরদাড়ার হাসিবুলের ছেলে হাফিজুল ইসলাম বাপ্পী (২১), রাজপাড়া থানার দাসপুকুর ল্যাটাপাড়ার আলাউদ্দিনের ছেলে মমিনুল ইসলাম হৃদয় (২০) ও বহরমপুরের আজাহার আলীর ছেলে আল আমিন রাব্বি (১৯)।
আরএমপির মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, গত ২৮ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর পদ্মা আবাসিক এলাকার মাদারবক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজের সামনে থেকে রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্রী নাদিয়া শফিকের (২২) কাছ থেকে মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারী ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়।নাদিয়া ভারতের জম্মু কাশ্মির প্রদেশের বারমোল্লা জেলার সপুর থানা সদরের শফিক আহমেদের মেয়ে।
ঘটনার পরে নাদিয়া নগরীর চন্দ্রিমা থানায় মামলা দায়ের করেন। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ৩ ছিনতাইকারীকে আটক এবং ব্যাগ ও মালামাল উদ্ধার করা হয়। আটকদের আদালতে সোপর্দ করে ছিনতাই হওয়া ওই ছাত্রীর ভারতীয় পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র উদ্ধারের জন্য আসামিদের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়। আদালত আসামিদের ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করলে আসামিদের জিজ্ঞাসাবাদে তারা ছিনতাই যাওয়া ভারতীয় পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পুড়িয়ে ফেলেছে বলে স্বীকার করে।
এ বিষয়ে তারা আজ মঙ্গলবার আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দীও দিয়েছে বলে জানিয়েছেন আরএমপির মুখপাত্র।
ইত্তেফাক/কেকে
